নিজস্ব প্রতিনিধি,
পাহাড়ি ঢল ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং বন্যাপরবর্তী স্বাস্থ্যঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে নেত্রকোণা জেলা স্বাস্থ্য বিভাগ।
ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ এবং সাপের উপদ্রব মোকাবিলায় পর্যাপ্ত জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রী মজুত রাখা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনে ‘জেলার বন্যা পরিস্থিতি বিষয়ে অবহিতকরণ’ শীর্ষক এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, জেলার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা।
সিভিল সার্জন জানান, বন্যা পরিস্থিতিতে সাধারণত ডায়রিয়া, চর্মরোগ ও সাপের উপদ্রব বেড়ে যায় এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। এ সময় সংকটকালীন বিকল্প হিসেবে বৃষ্টির পানি বা পুকুরের পানি যথাযথভাবে বিশুদ্ধ করে পানের পরামর্শ দেন তিনি।
জেলার বর্তমান চিকিৎসাসামগ্রীর মজুত তুলে ধরে ডা. মো. গোলাম মাওলা বলেন, যেকোনো পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগের কাছে বর্তমানে ৫৭ হাজার খাবার স্যালাইন, ৩০ হাজারের বেশি আইভি ফ্লুইড (কলেরা স্যালাইন), ৪৬ হাজার ৬০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ২২৮ ডোজ অ্যান্টি-স্নেক ভেনম মজুত রয়েছে।
তিনি আরও জানান, বন্যা দীর্ঘস্থায়ী হলে আপৎকালীন ওষুধের মজুত আরও বাড়াতে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে, যা আগামী ১৫-২০ দিনের মধ্যেই এসব ওষুধ এসে পৌঁছাবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএইচ ডা. দেবাশীষ সাহা, নেত্রকোণা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা।
সূত্র: বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page