
শাফিনুর রহমান-ডিমলা (নীলফামারী) :
নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নেমে মোছা. সাওদা উম্মে হাবিবা (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার শৈল্লারঘাট এলাকার বুড়ি তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সাওদা ময়মনসিংহের ফুলপুর উপজেলার দেওখালি এলাকার প্রবাসী মো. সাইফুদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ডিমলা উপজেলার শৈল্লারঘাট এলাকার তাঁর সম্পর্কীয় নানা বিদ্যুৎ মিয়ার বাড়িতে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে সাওদা তাঁর মা ও কলেজপড়ুয়া বড় বোনকে নিয়ে বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানায় তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। এ সময় তাঁর মা ও বড় বোনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে প্রথমে তাঁদের দুজনকে উদ্ধার করেন। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে সাওদাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page