হামিদুর রহমান সবুজ,
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া জাপান প্রবাসী পরিবারের গাড়ি আটকে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ ঘটনায় জড়িত চার ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে ৮ ভরি ৭ আনা ৫ রতি স্বর্ণালংকারসহ ছিনতাই হওয়া বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সুবেদার মো. নুরুল হক (৭৯) অভিযোগ করেন, গত ৮ জুলাই তিনি তার জাপানপ্রবাসী ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের নিয়ে মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত লেজার লাইট দিয়ে গাড়ি থামিয়ে ধারালো ছোরা ও চাপাতির মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, একাধিক মোবাইল ফোন, ব্যাগ এবং অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) দীপংকর ঘোষের তত্ত্বাবধানে এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তল্লাশি শেষে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. কবির হোসেন (৪০), জুয়েল (২৬), সজিব (২৯) ও শাকিল (২৬)। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের নেতা কবিরের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের মাগুড়া প্লট এলাকার একটি বন থেকে গলার চেইন, চুড়ি, আংটি, কানের দুল, লকেট ও ব্রেসলেটসহ মোট ৮ ভরি ৭ আনা ৫ রতি স্বর্ণালংকার, একটি ট্রাভেল ট্রলি ব্যাগ, দুটি ট্রাভেল ব্যাগ, একটি স্কুল ব্যাগ ও একটি ভ্যানেটি ব্যাগ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ডাকাত দলের সদস্যরা নিয়মিত মাদক সেবন করত এবং ডাকাতির মাধ্যমে অর্থ উপার্জন করেই জীবিকা নির্বাহ করত। নেশার অর্থ জোগাড় ও সংসারের খরচ মেটাতেই তারা এ ডাকাতির পরিকল্পনা ও বাস্তবায়ন করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page