আল মুজাহিদ
বৃষ্টি, ঝড় ও নানা ধরনের প্রাকৃতিক ও সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে মাঠপর্যায়ের কর্মীরা যশোরের প্রতিটি ঘরে পরিকল্পিত পরিবারের বার্তা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় তাঁদের এই অবদান টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বক্তারা।
রোববার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলা হয়। ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও জেলা প্রশাসন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. দিলদার এবং যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহরিন রহমান হক।
আলোচনা সভা শেষে মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা ইউনিয়নের ২/খ ইউনিটের শারমিন আক্তার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মিলটন কবিরাজ এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নাছিমা রহমান পুরস্কার গ্রহণ করেন।
এ ছাড়া শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জামিলা খাতুন নির্বাচিত হন। শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে চৌগাছা উপজেলার কুঠিবাড়ী কেন্দ্র এবং শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে যশোর সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র পুরস্কৃত হয়।
প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ ইউনিয়ন এবং ঝিকরগাছা উপজেলা পরিষদ শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে সিডিবি ভিত্তিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এফপিএবি যশোর এবং ক্লিনিকভিত্তিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মেরী স্টোপস যশোর সম্মাননা লাভ করে।
সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে রামনগর ইউনিয়নের ১/গ ইউনিটের তানিয়া খাতুন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে ইমরান খান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে মর্জিনা খাতুন এবং শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে জামিলা খাতুন ক্রেস্ট ও সনদ পান।
এ ছাড়া রামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কেন্দ্র এবং রামনগর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয়।
অনুষ্ঠানের শেষদিকে সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. দিলদার মাঠপর্যায়ের কর্মীদের অর্জনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page