আল-আমিন মাহমুদ , সন্দ্বীপ:
সন্দ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসহায় তারা বেগম। অভাব-অনটনের সংসারে তাঁর একমাত্র সম্বল ছিল একটি ছোট্ট টিনের ঘর। কিন্তু কয়েকদিন আগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়, প্রবল দমকা হাওয়া ও টানা বৃষ্টিতে সেই ঘরটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়েই ভাঙাচোরা ঘরে বসবাস করছেন তিনি।
তারা বেগম জানান, ঝড়ের তাণ্ডবে তাঁর ঘরের টিনের চাল ও কাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘরটি এখন বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অর্থের অভাবে তিনি ঘরটি মেরামত করতে পারছেন না। ফলে প্রতিদিন আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে তাঁর।
তিনি আরও জানান, মুখের লজ্জায় এতদিন কারও কাছে সাহায্য চাইতে পারেননি। তবে সাম্প্রতিক সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সন্দ্বীপ উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিত্তবান মানুষের সহযোগিতা দেখে তাঁর মনেও নতুন আশার সঞ্চার হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সমাজের মানবিক মানুষ এগিয়ে এলে আবারও মাথা গোঁজার মতো একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে পারবেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাকিব বলেন, "তারা বেগম অত্যন্ত অসহায় একজন মানুষ। ঘূর্ণিঝড়ে তাঁর একমাত্র আশ্রয়স্থলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাভাবে তিনি ঘরটি মেরামত করতে পারছেন না। সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক মানুষ যদি তাঁর পাশে দাঁড়ান, তাহলে তিনি আবারও মাথা গোঁজার মতো একটি নিরাপদ আশ্রয় ফিরে পাবেন।"
তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনগুলোর প্রতি অসহায় তারা বেগমের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page