মোঃ মাহাবুল ইসলাম মুন্না :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, এক সময় রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। এটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক ও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইড এবং অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আদলে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিদর্শন করা হয়েছে। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা কী—তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে নিরাপদভাবে মাংস সংরক্ষণ ও বাজারজাত করা সম্ভব হয়।
এ সময় তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথাও তুলে ধরে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষি ঋণ মওকুফ এবং ইমামদের সম্মানী প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে নগরীর পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন এবং নগর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ফায়ার সার্ভিস রাজশাহীর কর্মকর্তারা, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page