নিজস্ব প্রতিনিধি
বহুল প্রতীক্ষিত রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত সড়কের সংস্কারকাজ আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন এলাকার দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে নেওয়া এ উদ্যোগের উদ্বোধন করেন ।
রংপুর নগরীর অন্যতম ব্যস্ত এই সড়কটি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থায় থাকায় প্রতিদিন হাজারো যানবাহন ও পথচারীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টি হলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ত। এতে যানজট, দুর্ঘটনার আশঙ্কা এবং যানবাহনের ক্ষয়ক্ষতিও বাড়ছিল।
সড়ক সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধানে তারা দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
রংপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের পাশাপাশি প্রয়োজনীয় স্থানে নতুন কার্পেটিংসহ টেকসই অবকাঠামো উন্নয়ন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, সংস্কার কাজ শেষ হলে জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত সড়কে যান চলাচল আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল হবে। একই সঙ্গে নগরবাসীর দৈনন্দিন যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এ সড়ক দিয়ে পণ্য পরিবহনও নির্বিঘ্ন হবে।
সূত্র:বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page