শেখ মোহাম্মদ পারভেজ
"মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লাল কার্ড প্রদর্শন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মশাল ফাউন্ডেশন-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ মোস্তফা নোমান-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজনুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম এবং মশাল ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজ হোসেন শ্রাবণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রমে অংশ নিতে হবে।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে মাদকবিরোধী জনমত গড়ে তোলার আহ্বান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page