
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১১ জন নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— সেলিনা বেগম (৩৫), সাফিয়া বেগম (৩০), সুলেমা বেগম (৬২), আবুনী বেগম (৬৫), শাহানা বেগম (৩৫), লাকি আক্তার (৩০), শাহানা বেগম (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা বেগম (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তারা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন অবস্থায় ওই ১১ নারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশের অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে যাত্রী সেজে বিভিন্ন ট্রেনে চলাচল করছিলেন। তারা মূলত নারী যাত্রীদের টার্গেট করে গলার চেইন, কানের দুলসহ মূল্যবান স্বর্ণালংকার কৌশলে ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, এর আগে গত ৭ জুলাই সিরাজগঞ্জে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একই এলাকার (নাসিরনগর) আরও ১১ নারীকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা মূলত বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে এমন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে।
আটকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page