মোঃ হিমেল হোসেন
নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ অভিযানকারী দল। এ সময় আরেক অভিযুক্ত কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার শ্রীরামপুর বাজারের উত্তর-পশ্চিম পাশে পলাতক অভিযুক্ত মিঠুর দোকানঘরের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ৫০ কেজি গাঁজাসহ মো. ফারুক হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ফারুক হোসেন উপজেলার কয়া ভবাণীপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে। অভিযানের সময় মিঠু নামে অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীর সঙ্গে মিলে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বদলগাছীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, জঙ্গিবাদ, সংঘবদ্ধ অপরাধ, অপহরণ, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page