
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম-দিনাজপুর :
দিনাজপুরের পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি হোটেল ও একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, নির্ধারিত জরিমানার অর্থ অনাদায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় পার্বতীপুর শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বেকারিতে আকস্মিক এ অভিযান পরিচালনা করেন দিনাজপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-৫-এর বিচারক মো. সোহাগ হোসেন।
অভিযানে জরিমানার আওতায় আসে শাহ হোটেল, মুক্তিযোদ্ধা হোটেল, মামা-ভাগিনা হোটেল এবং তাজ বেকারি। আদালত তিনটি হোটেলকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা এবং তাজ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, খোরমাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। অভিযান চলাকালে খাদ্য উৎপাদনের পরিবেশ অত্যন্ত নোংরা ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পাওয়া যায়। এছাড়া খাদ্য প্রস্তুতে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণও মেলে।
অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকরা আদালতের কাছে অভিযোগ স্বীকার করলে নিরাপদ খাদ্য ও ভোক্তা-স্বার্থ সংরক্ষণ-সংক্রান্ত প্রযোজ্য আইনের আওতায় তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
অভিযান শেষে বিচারক মো. সোহাগ হোসেন বলেন, জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। যারা খাদ্য উৎপাদন ও বিক্রয়ে আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পার্বতীপুরের হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও বেকারিগুলোতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page