
সাকিব হাসান নাইম-দিনাজপুর
দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি বাড়ির আঙিনা থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে বেলে পাথরের তৈরি একটি প্রাচীন দরজার কাঠামোর অংশবিশেষ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ৮ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার মুকুন্দপুর পোস্টাধীন পার ভবানীপুর এলাকার একটি বাড়ির আঙিনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বেলে পাথরের তৈরি একটি ডোর ফ্রেম বা দরজার কাঠামোর অংশবিশেষ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পাথরটির দৈর্ঘ্য ৪৭ ইঞ্চি, প্রস্থ ১২ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ২২৫ কেজি। পাথরটির গায়ে লতাপাতার নান্দনিক নকশা খোদাই করা রয়েছে, যা এর প্রাচীনত্বের ইঙ্গিত বহন করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া পাথরটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযানকালে একটি সীম-সংযুক্ত সিম্ফনি বিএল-১২৫ মডেলের মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় বিরামপুর উপজেলার কেশবপুর গ্রামের মোঃ হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
তবে উদ্ধারকৃত পাথরটির প্রকৃত ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উদ্ধার হওয়া এই পাথরের কাঠামোটি আসলেই কোনো প্রাচীন স্থাপনার অংশ কিনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইতিহাস— তা জানতে অপেক্ষা করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদনের জন্য।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page