মোঃ সানোয়ার হোসেন,
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: অনির্দিষ্টকালের জন্য দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন নেত্রকোনার পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতি। ২০২৬–২০২৭ অর্থবছর থেকে দলিল রেজিস্ট্রির সরকারি ফি ও কর পরিশোধে অনলাইনে এ-চালান (অটোমেটিক চালান) ব্যবস্থা চালুর প্রতিবাদে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ মিজান জানান, নতুন চালু হওয়া এ-চালান ব্যবস্থা বাস্তবায়নে বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক জটিলতা রয়েছে। এসব সমস্যার কারণে সাধারণ সেবাগ্রহীতা, দলিল লেখক এবং সংশ্লিষ্টদের ভোগান্তি বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধের ঘোষণায় জমি ক্রয়-বিক্রয়, হেবা, বণ্টন, বন্ধক ও অন্যান্য নিবন্ধনসংক্রান্ত কাজে আসা সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা অনেকেই দলিল নিবন্ধন করতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গণি সরকার জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন ব্যবস্থার বাস্তব সমস্যার সমাধান করা হলে পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।
পূর্বধলায় দায়িত্বরত সাব-রেজিস্ট্রার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সরকারি বিধি মোতাবেক দলিল লিখে জমা দিলে তা রেজিস্ট্রেশন করতে সাব-রেজিস্ট্রার কর্তৃক কোন প্রকার আপত্তি নাই।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page