সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
দীর্ঘ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মো. আরিফুল ইসলাম পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে গত কয়েকদিন আগে একদল সন্ত্রাসীর বর্বরোচিত হামলার শিকার হন। হামলায় তিনি মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।
ঘটনার পরপরই তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় আজ তিনি মারা যান।
আরিফুল ইসলামের অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন এবং ব্যাংকিং মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি অত্যন্ত অমায়িক ও দায়িত্বশীল একজন কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। সহকর্মী ও এলাকাবাসী এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পুলিশ ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে কসবা থানা পুলিশ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page