
মোঃ পারভেজ-পটিয়া প্রতিনধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের প্রকৃত ইতিহাস সাধারণ মানুষের সামনে তুলে ধরেনি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাসও জনগণকে জানতে দেওয়া হয়নি। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের রাজনীতি আইনিভাবে বন্ধ হয়ে গেছে, তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। মাত্র চার মাসের মধ্যেই বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হয়েছে। অথচ বিগত সরকার উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সম্মিলিত প্রতিরোধ গড়ে উঠলেই এসব অপকর্ম নির্মূল করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মঈনুল আলম ছোটন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী (পিবলু), কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিম মেম্বার এবং কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ইসহাক সওদাগর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খরনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আয়ুব আলী। এছাড়াও খরনা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page