
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর, ৫ জুলাই: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার বিশেষ অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা, ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৭০০ টাকা এবং একটি স্যামসাং ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কাশিমপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পৃথক তিনটি অভিযানে এসব মাদক উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।
প্রথম অভিযানে পশ্চিম শৈলডুবি (কুতুব নগর) এলাকায় কামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে রিপন হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে তার শয়নকক্ষ থেকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তী অভিযানে সারদাগঞ্জ মুন্সি মার্কেট এলাকায় 'জাহেরা খালার' বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে আকলিমা (৪২), রাব্বি সম্রাট (২৩) ও মোস্তাকিম (২২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।
এছাড়া সারদাগঞ্জ হাজী মার্কেট পুকুরপাড় এলাকায় আরেকটি অভিযানে রবিউল আলম (৩৮), আব্দুস ছালাম (৪৫) ও মামুন (২৮)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা এবং একটি স্যামসাং ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কাশিমপুর থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page