নিজস্ব প্রতিনিধি,
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরতে দেওয়া হবে না এবং রাজনৈতিক দল হিসেবে শিগগিরই তাদের বিচার হবে।
আজ আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ইতোমধ্যেই আইনি বিধান সংশোধন করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছি এবং তদন্ত শুরু হয়েছে, দলটিকে বিচারের আওতায় আনা হবে।’
সাংবিধানিক ও আইনি সংশোধনীর কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ, সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কাঠামো এখন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মামলা করার আইনি ভিত্তি এনে দিয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে। এটি রাজনৈতিকভাবে পরাজিত ও বিলীন হয়ে গেছে। এটি আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যবহার না করার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, যারা আন্দোলনের ‘চেতনা বিক্রি করে’ রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করবে, ইতিহাস তাদের বিচার করবে।
তিনি জুলাই অভ্যুত্থানের ঐতিহ্য সংরক্ষণ এবং সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সূত্র : বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page