নিজস্ব প্রতিনিধি,
প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ‘গেমচেঞ্জার’ হতে পারে বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, এ সফরের মাধ্যমে উন্নয়ন সহযোগিতা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
আজ শনিবার রাজধানীর এফডিসিতে ‘বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
আবু আহমেদ বলেন, বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নকেন্দ্রিক প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে। বড় বাজেট দেওয়ায় সমস্যা নেই, তবে তা বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে।
তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে হলে করপোরেট করের হার প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে নতুন মেগা প্রকল্পের পরিবর্তে মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে শিল্পে নতুন বিনিয়োগ আসবে না বলেও তিনি মন্তব্য করেন।
ছায়া সংসদে ‘এবারের বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম’ শীর্ষক বিতর্কে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে ঢাকা কলেজ চ্যাম্পিয়ন হয়।
সূত্র :বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page