মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশনে চলন্ত ট্রেনে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ও লকেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা ট্রেনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি সিলেট থেকে ভানুগাছের উদ্দেশ্যে জয়ন্তিকা ট্রেনে যাত্রা করছিলেন। ট্রেনটি কুলাউড়া রেলস্টেশনে পৌঁছালে এক ব্যক্তি হঠাৎ তার গলায় থাকা স্বর্ণের চেইন ও লকেট টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে যে ছিনতাইকারীকে ধরতে বা শনাক্ত করতে পারেননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে তিনি জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
ভুক্তভোগী বলেন, “যদি কেউ ছিনতাই হওয়া চেইনটি বা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা কুলাউড়া রেলস্টেশন ও চলন্ত ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া রেলওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর ওমর বিশ্বাস বলেন, বিষয়টি তাদের জানা আছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page