স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন দুই যুবক। পরে পুলিশ তাদের উদ্ধার করে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন, একই গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা নূর ইসলাম রাতের বেলায় নিজের বসতবাড়ির ছাপড়া ঘরে তিনটি গরু বেঁধে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্তরা গোয়ালঘরে প্রবেশ করে গরুগুলো খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শব্দ পেয়ে নূর ইসলামের ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গরুসহ দুই যুবককে হাতেনাতে আটক করেন।
পরে উত্তেজিত স্থানীয়রা তাদের মারধর করলে খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী নূর ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page