মোঃ পারভেজ পটিয়া
চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় শহীদ শাহ আলম সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মালেক মেম্বার। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মীর আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ লোকমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের উন্নয়ন প্রকল্পের আওতায় বরাদ্দপ্রাপ্ত টিআর/কাবিখা কর্মসূচির অর্থায়নে ১১০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এ সড়কের আরসিসি ঢালাই কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ লাখ টাকা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কের উন্নয়ন হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খরনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হচ্ছেন।
বক্তারা পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইউনিয়নের সার্বিক উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page