মোঃ জিমু
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেতরড়ী গ্রামে পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে এক পৈশাচিক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, মারপিট এবং স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী মোছাঃ রিক্তা খাতুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, উত্তর আনালেতরড়ী গ্রামের রিক্তা খাতুনের পরিবারের সাথে প্রতিবেশী সোনা মিয়া, মঞ্জিল মিয়া ও মতলব মিয়াদের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় সালিশ-বৈঠক অমান্য করে গত ৩০ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রিক্তা খাতুনের বসতবাড়িতে হামলা চালায়। তারা ঘরের টিনের বেড়া ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে রিক্তা খাতুনের ভাতিজা রাজন মিয়া (১৮) ও আল আমিন মিয়াকে (২২) ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
হামলাকারীরা ঘরে ঢুকে আলমারি ও বাক্স ভেঙে রিক্তা খাতুন এবং তার ভাসুর খোরশেদ আলমের ঘর থেকে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ১০,২৭,৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাদী ও স্থানীয় এলাকাবাসী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page