আসাদুল্লাহ হাদিস ,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা ১৫ থেকে ২০ লাখ টাকার জিনিস ও নগদ অর্থসহ আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রী ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।
বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে শ্রীফলতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ খোরশেদ আলমের (৬৫) বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি মৃত আব্দুল সোবহানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তারা নিশ্চিতভাবে বলতে পারেননি। হঠাৎ ঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে পুরো ঘর আগুনে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত খোরশেদ আলম বলেন, "সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় দিয়ে সংসার গড়েছিলাম। ঘরে কিছু নগদ টাকা ছিল, সঙ্গে আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র ও সংসারের প্রায় সব জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখেছি, এমন ক্ষতি কখনো কল্পনাও করিনি।"
স্থানীয় বাসিন্দারা বলেন, "আগুন দেখতে পেয়ে আমরা সবাই ছুটে যাই এবং যে যেভাবে পেরেছি আগুন নেভানোর চেষ্টা করেছি। কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরের বেশির ভাগ জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই পুরো ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়।"
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা নগদ অর্থের পাশাপাশি আলমারি, টিভি, ফ্রিজ, খাট, পালং, আলনা, কাপড়চোপড়, চাল-ডাল, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বই-পুস্তক এবং সংসারের প্রায় সব মালামাল পুড়ে গেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page