মোঃ পারভেজ ,
চট্টগ্রামের পটিয়া উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিনের খেলায় খরনা ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে হাবিলাসদ্বীপ ইউনিয়ন।
মঙ্গলবার বিকেলে খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দর্শকদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু। ঝাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে উভয় দল ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ম্যাচের শেষ দিকে টানা দুই গোল করে জয় নিশ্চিত করে হাবিলাসদ্বীপ ইউনিয়ন। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক এন্টারপ্রাইজ ট্রাস্টি ও মরহুম হাজী নুরুল হক ট্রাস্টের পরিচালক আকিবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিন। উদ্বোধক ছিলেন জিরি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আবু তৈয়ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাসান, খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সুজন, বিএনপি নেতা আইয়ুব আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক করিম মেম্বার, উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি অ্যাডভোকেট তারেকসহ সংগঠনের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রতিনিধি সাজ্জাদ হোসেন রুবেল ও শাহ আলম। সঞ্চালনা করেন ইকবাল সিকদার সুমন ও নূর রশীদ সুজন।
বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শৃঙ্খলা, সৌহার্দ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সুস্থ সমাজ ও সচেতন তরুণ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে আয়োজনের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার আহ্বান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page