নিজস্ব প্রতিনিধি,
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হারাগাছ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত ১ নম্বর হালিম বিড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং রাষ্ট্রের রাজস্ব সুরক্ষায় চলমান অভিযানে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হারাগাছ থানার ঠাকুরদাস বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৪ বস্তা ১ নম্বর হালিম বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির পরিমাণ ৩৪ হাজার প্যাকেট, যা ৮ লাখ ৫০ হাজার শলাকার সমান। এছাড়া ৩৪ হাজারটি নকল ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, হারাগাছ থানার সারাই জুম্মাপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম (৪৮) এবং চেয়ারম্যানটারী এলাকার মো. কামাল হোসেন (৫২)।
প্রাথমিক তদন্তে আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বাসস’কে জানান, রাজস্ব ফাঁকি প্রতিরোধ, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page