মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মুদি দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুরাতন বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এসময় তিনটি মুদি দোকানে বিভিন্ন ধরনের অবৈধ ও অনুমোদনহীন আচার বিক্রির প্রমাণ পাওয়া যায়। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই খাদ্যপণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় দোকান মালিকদের মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। অনুমোদনহীন এবং মানহীন কোনো খাদ্যপণ্য কোনোভাবেই বাজারে বিক্রি করতে দেওয়া হবে না। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
অভিযানে জেলা প্রশাসনের অন্যান্য সদস্য এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে স্থানীয় সব ব্যবসায়ীদের অনুমোদিত ও মানসম্মত খাদ্যপণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page