মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাইবান্ধা জেলা শাখা। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ গাইবান্ধা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বিএনপির স্থানীয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ ইসলাম নিহত হন। এ ঘটনায় আরও একজন কর্মী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘সাইফুল্লাহ ইসলাম একজন প্রতিশ্রুতিশীল নেতা ছিলেন। পূর্বপরিকল্পিতভাবে তাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এটি একটি বর্বরোচিত ঘটনা।’
বক্তারা আরও বলেন, ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করা হলেও তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার নেতারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় গাইবান্ধার সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page