
বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগের পুনরাবৃত্তি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দল ঝাড়খন্ড রাজ্যে সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলানোর হুমকি দিয়েছেন এই বিজেপি নেতা।
গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খন্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় এক নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে রাজ্যটিতে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এমন হুঁশিয়ারি দেন প্রভাবশালী এই নেতা।
বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ‘পরিবর্তন যাত্রা’ আগামী ২ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি গ্রামে গিয়ে পরিবর্তনের বার্তা দেবে।
অমিত শাহ বলেন, আমি সবার কাছে ঝাড়খন্ডে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের আবেদন জানাচ্ছি। আমরা প্রতিটি বাংলাদেশি নাগরিককে উল্টো করে ঝুলিয়ে রেখে একেবারে সোজা করে দেবো।
লোকসভা নির্বাচনের আগেও বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন, সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে।
পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ঝাড়খন্ডে মুখ্যমন্ত্রী বদলানো নয়, এমনকি বিজেপিকে ক্ষমতায় আনাও নয়...এই দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দুর্নীতি দমন করতে পারে—এমন একটি সরকার আনার জন্য পরিবর্তন করতে হবে।
অমিত শাহ বলেন, এই জমি আদিবাসীদের। কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীর সংখ্যা ৪৪ শতাংশ থেকে ২৮ শতাংশে নেমে এসেছে। যেহেতু অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস ও আরজেডির ভোটব্যাংক, তাই এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page