আসাদুল্লাহ হাদিস,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পোষা বিড়ালের প্রাণঘাতী ক্যাটফ্লু রোগ প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর সহযোগিতায় এই বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচি পালিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমটি আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবাগ্রহীতারা তাদের পোষা বিড়ালকে এই ভ্যাকসিন প্রদান করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. আসমাউল ইকবাল মৃদুল। এসময় তিনি জানান, পোষা বিড়ালের স্বাস্থ্য সুরক্ষা ও প্রাণঘাতী ক্যাটফ্লু ভাইরাস নিয়ন্ত্রণে এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী। সঠিক সময়ে টিকা দিলে বিড়াল সুস্থ থাকে এবং পরিবারও সংক্রামক ব্যাধি থেকে নিরাপদ থাকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ) মো. সজল মিয়া এবং কমিউনিটি এক্সটেনশন এজেন্ট আবু হানিফসহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
‘সুস্থ বিড়াল, সুস্থ পরিবার’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিড়াল পালনকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page