সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ‘সুরসম্রাট’ ওস্তাদ আলাউদ্দীন খাঁর স্মৃতিরক্ষায় একটি ‘সঙ্গীত জাদুঘর’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নির্দেশে এই প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে গত সোমবার (২২ জুন) সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ওস্তাদজীর জন্মভূমি শিবপুর পরিদর্শন করেন। পরিদর্শনের সময় অধিদপ্তরের গবেষণা সহকারী ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সঙ্গে প্রকল্পটির বিষয়ে মতবিনিময় করেন। উক্ত সভায় কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠক গৌরাঙ্গ দেবনাথ অপু, শিবপুর ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের প্রধান ড. নাহিদ সুলতানা জানান, নবীনগর থেকে ফিরে গিয়েই তিনি এ বিষয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবেন।
এরপর প্রকল্পটি গেজেট আকারে প্রকাশিত হবে এবং পরবর্তী সময়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী নিজে শিবপুরে ওস্তাদজীর জন্মভূমি পরিদর্শনে আসবেন। প্রতিমন্ত্রী মহোদয়ের পরিদর্শনের পরপরই জাদুঘর স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, “সাংবাদিকদের প্রতিবেদনের ডকুমেন্ট পাওয়ার পর আমি বর্তমান সংস্কৃতি প্রতিমন্ত্রীকে ওস্তাদজীর স্মরণে স্মৃতি জাদুঘর স্থাপনের জন্য অনুরোধ করি। কাজটি গত বছর শুরু হয়েও থমকে ছিল তা আমার জানা ছিল না।”
প্রতিনিধি দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্থানীয় পর্যায়ে ‘ওস্তাদ আলাউদ্দীন খাঁ স্মৃতি জাদুঘর’ নির্মাণের এই উদ্যোগটি ছিল দীর্ঘদিনের বহুপ্রত্যাশিত একটি বিষয়।
এই উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে ‘সুরসম্রাট’ ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি ও তাঁর সঙ্গীত ঐতিহ্য নবীনগরে স্থায়ীভাবে সংরক্ষণ করা সম্ভব হবে বলে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আশার আলো দেখা দিয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page