মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল এলাকায় আজ ২৫ জুন সকাল ১১ ঘটিকায় সরজমিনে গিয়ে দেখা যায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দীর্ঘ তিন থেকে চার বছর ধরে চলমান এ সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতকারী শিশু-কিশোরদের কাদা ও নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টি হলেই ভুকশিমইল হাফিজিয়া মাদ্রাসা, ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং ভুকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে এসব প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীকে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে কাদা ও জমে থাকা নোংরা পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য যেমন অস্বস্তিকর, তেমনি স্বাস্থ্যঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো কোনো কার্যকর ও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা মৌসুম এলেই পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করে। সামান্য বৃষ্টিপাতেই সড়কে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, ফলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরাও ভোগান্তিতে পড়েন।
স্থানীয় সচেতন মহল বলছে, বছরের পর বছর ধরে এমন দুর্ভোগ চললেও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কিংবা পানি নিষ্কাশনের স্থায়ী কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাদের ভাষ্য, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী দিনেও একই ভোগান্তি বহন করতে হবে সাধারণ মানুষকে।
এলাকাবাসী জরুরি ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, পানি নিষ্কাশনের পথ সচল করা এবং স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এই জনদুর্ভোগ নিরসনে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও জনস্বাস্থ্য—দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page