রিয়া মনি :
রাজধানীর মিরপুরের একটি আবাসিক হোটেলে সংঘটিত হামলার ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হলেও তাদের মধ্যে দুইজন জামিনে মুক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, গত ৩০ মে রাতে মিরপুর এলাকার একটি আবাসিক হোটেলে একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলাকারীরা হোটেলের বিভিন্ন কক্ষে প্রবেশ করে ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে। হামলার সময় বাধা দিতে গেলে হোটেলের ম্যানেজার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করলেও মামলার দুই আসামি জামিনে মুক্তি পেয়েছেন। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলেন, হামলার ঘটনায় জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এদিকে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভুক্তভোগীরা আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page