আল মুজাহিদ,
গুম, খুন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ীদের বিচারের দাবিতে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।
মঙ্গলবার জেলা শহরে এনসিপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য দেন এনসিপি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গুম, খুন ও গণহত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।
সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আইনের শাসন নিশ্চিত করা প্রয়োজন। অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি অতীতের বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি যশোর জেলার যুগ্ম সমন্বয়কারী সাজিদ সারোয়ার, আব্দুল আলিম, বিল্লাল হোসেন, আসমা আক্তার ও আব্দুল মতিন। এছাড়া জাতীয় যুবশক্তি যশোর জেলার আহ্বায়ক ইমদাদ হোসাইন, মুখ্য সংগঠক সোয়ানুর রহমান, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম, শ্রমিক শক্তি যশোর জেলার আহ্বায়ক আলাউদ্দিন হোসাইন, সদস্য সচিব আবু দাউদ সুমনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page