মোঃ জিমু
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে উপজেলা বিএনপি। হত্যাকাণ্ডের ঘটনাটিকে সম্পূর্ণ ‘ব্যক্তিগত বিরোধ’ হিসেবে উল্লেখ করে দলটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় বিএনপি কোনোভাবেই বহন করবে না।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় সাঘাটা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির নেতৃবৃন্দ এই বক্তব্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী এবং সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ জুন বোনারপাড়ার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে যুবদলের বহিষ্কৃত নেতা মো: মোখলেছুর রহমান মুকুল এবং শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নেতৃবৃন্দ দাবি করেন, এই বিরোধটি একান্তই তাদের ব্যক্তিগত বিষয়।
দলীয় অবস্থান তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, “হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক দলের আদর্শ হতে পারে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কোনো প্রকার সহিংসতাকে সমর্থন করি না। এই বিচ্ছিন্ন ঘটনার জন্য আমরা গভীরভাবে মর্মাহত এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
এদিকে, হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাঘাটা উপজেলা শাখার আমীর মো: ইব্রাহিম হোসেন ও যুব বিভাগের প্রধান মো: এনামুল হকের নেতৃত্বে জামায়াত-শিবিরের কর্মীরা বোনারপাড়ায় সাঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এছাড়া এলাকাটিতে সাধারণ মানুষের বাড়িঘরেও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। বিএনপি নেতৃবৃন্দ প্রতিহিংসামূলক এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “একটি অপরাধের প্রতিক্রিয়ায় আরেকটি অপরাধ কখনোই কাম্য হতে পারে না। অপরাধীকে কোনো দলীয় পরিচয় না দিয়ে আইনের আওতায় আনা প্রয়োজন।”
পরিশেষে, বোনারপাড়ার হত্যাকাণ্ড এবং পরবর্তী ভাঙচুর ও অগ্নিসংযোগ—উভয় ঘটনারই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানায় সাঘাটা উপজেলা বিএনপি। একই সঙ্গে, ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page