
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে মো. রেজাউল (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কলাইতলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে রাকিবুর করিম পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেজাউলের সঙ্গে তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুর করিম মায়ের পক্ষ নিয়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে উত্তেজিত হয়ে রাকিবুর একটি বাঁশের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে রেজাউল গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই রাকিবুর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।
পরিবারের সদস্যরা আহত রেজাউলকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাকিবুর করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী। লেখাপড়া শেষ করে তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ছেলের আঘাতেই বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুর করিম আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page