আল মুজাহিদ ,
যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শেয়ালঘোনা গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের ঘটনায় এক মা ও তার শিশুপুত্র হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার শেয়ালঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।অসুস্থরা হলেন শেয়ালঘোনা গ্রামের বাসিন্দা সোনিয়া (২৫), স্বামী মামুন এবং তাদের ছেলে রাইয়ান (৮)।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক বিরোধের একপর্যায়ে সোনিয়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার স্বামী তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাবশত সোনিয়ার কোলে থাকা শিশু রাইয়ানের মুখে বিষের বোতল চলে যায়। এতে মা ও ছেলে উভয়েই বিষক্রিয়ায় আক্রান্ত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে রাইয়ান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে সোনিয়ার অবস্থা আশঙ্কামুক্ত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিষক্রিয়ায় আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page