মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল ,
মৌলভীবাজারের কুলাউড়া-রবিরবাজার সড়কে নির্মাণাধীন একটি ব্রিজের ওপর পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় পুরো সড়ক যোগাযোগ অচল হয়ে পড়েছে। শনিবার ২১ জুন দুপুরে এ ঘটনায় সড়কের উভয় পাশে আটকা পড়ে শতাধিক যানবাহন। দীর্ঘ যানজটের মধ্যে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও সাধারণ পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া-রবিরবাজার সড়কের নির্মাণাধীন ব্রিজটি পার হওয়ার সময় একটি পণ্যবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর লাইন আউট হয়ে পড়ে। পরে ট্রাকটি এমনভাবে আটকে যায় যে সড়কটির দুই দিক দিয়েই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে মুহূর্তেই গুরুত্বপূর্ণ এই সড়কে যানজটের সৃষ্টি হয় এবং থমকে যায় আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা।
ঘটনার পর সড়কের দুই পাশে বাস, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেকে জরুরি গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েন। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী বহনকারী যানবাহনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দীর্ঘ সময় সড়কে আটকা থাকতে হয়। বিকল্প সড়ক না থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয়রা জানান, ব্রিজটি নির্মাণাধীন থাকায় সড়কটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর মধ্যে ব্রিজের ওপর ট্রাক বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, নির্মাণাধীন সড়ক ও ব্রিজে ভারী যানবাহন চলাচলে যথাযথ নজরদারি না থাকায় এমন ঘটনা বারবার জনদুর্ভোগ ডেকে আনছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page