আল মুজাহিদ,
গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, শ্রীরামচন্দ্রকে অবমাননা এবং মন্দির ভাঙচুরের হুমকির ঘটনার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা ও শহর থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিভিন্ন ধর্মের উপাসনালয় এবং ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে অবমাননাকর বক্তব্য সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page