
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
দীর্ঘদিনের দুর্ভোগ শেষে একটি পাকা সড়কের স্বপ্ন দেখেছিল কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের পাহাড়ি এলাকার মানুষ। কিন্তু নির্মাণাধীন ‘পাঁচপীর ঝালাই সড়ক’ এখন উদ্বোধনের আগেই প্রশ্নের মুখে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। কোথাও পিচ ঢালাই উঠে যাচ্ছে, আবার কোথাও ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। সড়কের দুই পাশের ইটের এজিংও অনেক স্থানে নড়বড়ে অবস্থায় রয়েছে। এতে কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘসূত্রতা ও নিম্নমানের কাজের কারণে সড়কটি শেষ হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। তাদের ভাষায়, যে সড়ককে ঘিরে উন্নয়নের স্বপ্ন ছিল, সেটিই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কনকর্ড এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, পাহাড়ি এলাকা ও ঘন ঘন বৃষ্টির কারণে কাজ বিলম্বিত হয়েছে। তিনি দাবি করেন, শতভাগ মানসম্মত কাজই করা হচ্ছে।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী প্রীতম সিকদার জয় জানান, পরিদর্শনে কিছু ত্রুটি পাওয়া গেছে। সেগুলো দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শেষে ল্যাব টেস্টসহ প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে এবং নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণ করা হবে না। এলাকাবাসীর দাবি, দায়সারা কাজ নয়, টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণের মাধ্যমে তাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করা হোক।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page