
মুহাম্মাদ রাকিবুল ইসলাম-ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশের পুকুরে ডুবে নবীর হোসেন (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় পৌরসভার সাগরপুর মহল্লার দক্ষিণাপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নবীর হোসেন স্থানীয় ভ্যানচালক মোহাম্মদ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন মোহাম্মদ আলী। পরে বাড়ি থেকে অল্প দূরে অবস্থিত একটি পুকুরে পালিত হাঁস আনতে যান তিনি। অজান্তেই বাবার পিছু নেয় ছোট্ট নবীর। পরিবারের কেউ বিষয়টি খেয়াল করতে পারেননি।
কিছুক্ষণ পর হাঁস নিয়ে বাড়ি ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মোহাম্মদ আলী। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নবীরের বড় ভাই নাইম ইসলাম বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায়।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাত্র দেড় বছরের শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে উঠানজুড়ে কিছুক্ষণ আগেও ছিল শিশুর হাসি-কান্নার কোলাহল, সেখানে এখন শুধু স্বজনদের আহাজারি। প্রতিবেশীরা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, দেশের গ্রামীণ অঞ্চলে শিশু মৃত্যুর অন্যতম কারণ পানিতে ডুবে যাওয়া। বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ের ক্ষেত্রে শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page