মোঃ তাইনুল ইসলাম:
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করে দুবাই পুলিশ। এ তথ্য পুলিশ সদরদপ্তরের একটি ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে।
রোববার (১৪ জুন) গণমাধ্যমকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে জারি করা আন্তর্জাতিক প্রক্রিয়ার অংশ হিসেবে বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ জুন দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশকে পাঠানো এক চিঠিতে গ্রেফতারের বিষয়টি অবহিত করেছে বলে তিনি জানান।
এর আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা করে দুদক। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতারের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিল।
দুবাইয়ে গ্রেফতারের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে তাকে কবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বা প্রত্যর্পণ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page