মুহাম্মাদ রাকিবুল ইসলাম
ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি
বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও উদ্যোক্তা প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং” কর্মসূচি। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক কাজ এবং প্রযুক্তিনির্ভর প্রকল্পের প্রদর্শনীতে প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে উপজেলা পরিষদ হলরুম।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল-মামুন কাওসার শেখ-এর সভাপতিত্বে এবং ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণার মূল্যায়ন শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামুখী দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মেধা ও উদ্ভাবনী চিন্তাই হবে প্রধান চালিকাশক্তি।
“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প, গবেষণাভিত্তিক কার্যক্রম এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোতে পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, প্রযুক্তির সৃজনশীল ব্যবহার এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান তুলে ধরা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্ট সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে প্রধান অতিথির উপস্থিতিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর উপকারভোগীদের মাঝে বকনা বাছুরের খাদ্য বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে সার, বীজ এবং ভার্মিকম্পোস্ট সার উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়।
বিজ্ঞানচর্চা, উদ্ভাবন এবং উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন চিন্তা ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page