
শেখ মোহাম্মদ পারভেজ
জেনেভা, সুইজারল্যান্ড: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, শ্রম আইন সংস্কার এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শ্রমব্যবস্থা গড়ে তুলতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের টেম্পাস হলে চলমান আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে শ্রমিক প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। গত ৮ জুন ২০২৬, স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিট) তিনি সম্মেলনে তাঁর বক্তব্য পেশ
করেন।
জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কাউরী এবং পাবনা-৫ (সদর) আসনের এই সংসদ সদস্য গত ৩০ মে ২০২৬ তারিখে বাংলাদেশ সরকার ও অন্যান্য শ্রমিক সংগঠনের মনোনীত প্রতিনিধি হিসেবে জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। ৩১ মে থেকে শুরু হওয়া এই বিশ্ব সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক যাত্রার উল্লেখ
বক্তব্যের শুরুতেই শিমুল বিশ্বাস আইএলও মহাপরিচালকের সময়োপযোগী প্রতিবেদনের প্রশংসা করেন এবং সবার জন্য শোভন কাজ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিক সমাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের কথা তুলে ধরে বলেন:
"দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন শ্রমিক নেতা হিসেবে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মূলত শ্রমজীবী মানুষের প্রতি আস্থা ও স্বীকৃতিরই প্রতিফলন।"
তিনি আরও স্পষ্ট করেন যে, শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা এবং যৌথ দরকষাকষির (Collective Bargaining) অধিকার নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য অংশ।
এআই প্রযুক্তির চ্যালেঞ্জ ও বৈশ্বিক কাঠামোর প্রস্তাব,
প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে কর্মসংস্থানে যে পরিবর্তন আসছে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নতুন সম্ভাবনা তৈরি করলেও উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে নারী কর্মসংস্থান হ্রাস, যুব বেকারত্ব বৃদ্ধি এবং অভিবাসী শ্রমিকদের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা তিনি স্মরণ করিয়ে দেন।
বাংলাদেশের প্রায় ৭ কোটি ৩৫ লক্ষ কর্মশক্তি এবং বিদেশে কর্মরত ১ কোটি ৩০ লাখ অভিবাসী শ্রমিকের দক্ষতার ঘাটতি পূরণে তিনি "দক্ষতা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ভিত্তিক একটি বৈশ্বিক কাঠামো" গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি জোর দিয়ে বলেন।
"কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই এমনভাবে ব্যবহার করা উচিত নয়, যা মানব মর্যাদা ক্ষুণ্ন করে বা সামাজিক বৈষম্য বাড়িয়ে দেয়।"
প্ল্যাটফর্ম অর্থনীতি ও অভিবাসী শ্রমিকদের সুরক্ষা
নতুন ধারার প্ল্যাটফর্মভিত্তিক অর্থনীতিতে কর্মরত শ্রমিকদের আইনি স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে শিমুল বিশ্বাস "প্ল্যাটফর্ম অর্থনীতিতে শোভন কাজ" বিষয়ক প্রস্তাবিত আইএলও কনভেনশনকে স্বাগত জানান। একই সাথে তিনি অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের তাগিদ দেন।
বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ প্রত্যয়
অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বিশ্বমঞ্চে তথ্য দিয়ে জানান যে, বাংলাদেশ সম্প্রতি দুটি মৌলিক কনভেনশনসহ আইএলওর তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশন অনুমোদন করেছে। বর্তমানে দেশে শ্রম আইন সংস্কার, সামাজিক নিরাপত্তা এবং মালিক-শ্রমিক সংলাপ আরও শক্তিশালী করার কাজ চলছে।
সবশেষে তিনি সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সমন্বয়ে ত্রিপক্ষীয় (Tripartite) সহযোগিতার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য ও টেকসই কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ মঞ্চে তাঁর এই সময়োপযোগী বক্তব্য বিশ্ব পরিমণ্ডলে প্রযুক্তির চ্যালেঞ্জ ও শ্রমিক সুরক্ষায় বাংলাদেশের দৃঢ় অবস্থানকে দক্ষতার সাথে তুলে ধরেছে।
আইএলওর এই ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন আগামী ১২ জুন ২০২৬ পর্যন্ত
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page