
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোয়ালী মহেশ রোডে সরকারি জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনসুর-এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
গতকাল ১০ জুন বুধবার দুপুরে সরকারি সড়ক ও খালের জায়গা দখল করে প্রভাবশালী হামদু মিয়ার স্থায়ী স্থাপনা নির্মাণের বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের নজরে আসার পরপরই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, বুলডোজার দিয়ে হামদু মিয়ার নির্মিত আরসিসি পিলার ও ইটের দেয়ালসহ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সরকারি জায়গা দখল করে যারা এমন কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনসুর বলেন, "সরকারি সম্পত্তি বা জনগণের চলাচলের রাস্তায় কোনো ধরনের অবৈধ দখলদারিত্ব বরদাশত করা হবে না।
সংবাদটি প্রকাশের পর আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। সরকারি জায়গা উদ্ধারে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"
স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন। অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারি সম্পত্তি স্থায়ীভাবে রক্ষা করার দাবি জানিয়েছেন তারা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page