
মৌলভীবাজার প্রতিনিধি :
আগামী ১৭ জুন মৌলভীবাজারের দুই উপজেলায় সফরে এসে পৃথকভাবে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে জেলার শ্রীমঙ্গল ও রাজনগরে সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও বিএনপি নেতারা।
তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল মুক্তিত, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী মাস্টার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করা হচ্ছে। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়। পরে দুপুরে রাজনগর উপজেলা চত্বর এবং রাজনগর ডিগ্রি কলেজ মাঠ ঘুরে দেখা হয়।
তিনি বলেন, আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী মৌলভীবাজারের রাজনগর উপজেলা ও শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে পারেন। সেই লক্ষ্যেই সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, ভেন্যু নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সম্ভাব্য স্থানগুলো পরিদর্শনের পর নিরাপত্তা ও অন্যান্য বিষয় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
প্রধানমন্ত্রীর সফরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির বাইরে অন্য কোনো কর্মসূচি থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে আমার জানা মতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিটিই মূল আয়োজন। তবে পরবর্তীতে সরকারি পর্যায় থেকে নতুন কোনো কর্মসূচি যুক্ত হলে সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page