
আবুসুফিয়ান, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ জুন) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকস ও মনোহারি দোকানসহ মোট সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন লাল মোহন, রতন দাস, রেজাউল করিম, চাঁন মিয়া, লাল মিয়া, রিপন ও শাহজাহান। তারা জানান, দোকানের মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থসহ সবকিছু আগুনে ভস্মীভূত হয়েছে।
ভাতের হোটেল ও মিষ্টির দোকানের মালিক লাল মিয়া বলেন, “আমাদের দুটি দোকান ছিল। প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। চাল, মিষ্টি, ফ্যানসহ সবকিছু পুড়ে গেছে। এখন সরকারের সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো কঠিন।”
ইলেকট্রনিকস ব্যবসায়ী রিপন জানান, তার দোকানে থাকা ফ্যান ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য আগুনে পুড়ে গেছে। মনোহারি ব্যবসায়ী রেজাউল করিম বলেন, বিকাশের টাকা, কার্ড এবং দোকানের মালামালসহ সবকিছু আগুনে নষ্ট হয়েছে। তার প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
সেলুন ও আসবাবপত্র ব্যবসায়ী লাল মোহন বলেন, “আমি নিম্নআয়ের মানুষ। প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে।”
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page