
মাসুম বিল্লাহ, খুলনা :
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রখ্যাত আইনজীবী এড. শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা সিটি ল’ কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে সিটি ল’ কলেজ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “মরহুম এড. শেখ রাজ্জাক আলী ছিলেন দক্ষিণাঞ্চলের একজন জননন্দিত নেতা। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি যে সুনাম ও মর্যাদা অর্জন করেছিলেন, জাতি আজও তা শ্রদ্ধার সাথে স্মরণ করে।”
তিনি আরও বলেন, কয়রা ও পাইকগাছা উপজেলাসহ সমগ্র খুলনার শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান অপরিসীম। খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি জানান, শহরের গুরুত্বপূর্ণ কোনো সড়ক বা প্রতিষ্ঠান মরহুমের নামে নামকরণ করার উদ্যোগ নেওয়া হবে।
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে প্রশাসক বলেন, “ছাত্র জীবনে তিনি ছিলেন আমার শিক্ষক, আর রাজনৈতিক জীবনে অভিভাবক। তাঁর ধৈর্য্য ও জনসেবার আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।” পরে তিনি কলেজ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।
সিটি ল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এ্যাড. এম এ আউয়াল রাজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী ড. মোহাম্মদ জাকির হোসেন, খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, কবি কামরুল হাসান মৃধা এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে আব্দুল্লাহ আল বাহরাব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর ‘খুলনা কবি-সাহিত্যিক ফোরাম’ ও ‘ভাষাসৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদ’-এর সদস্য সচিব কবি আজাদুল হক আজাদ মরহুমের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। এসময় তিনি এড. শেখ রাজ্জাক আলীর লেখা একটি এবং নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শ্রদ্ধা নিবেদন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও নারী নেত্রী এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page