
মোঃ কামরুজ্জামান বান্টি-শাহজাদপুর (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও মাদ্রাসা সুপারসহ অন্তত ১০ জন শিক্ষক এবং গাড়িচালক খুলনার রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শিক্ষা-সংশ্লিষ্ট একটি সফরে যাওয়ার সময় খুলনা জেলার রামপাল এলাকায় তাদের বহনকারী গাড়িটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা সকল যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পারভেজ আক্তার, পোতাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম হোসেন, জুগ্নীদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নবী নেওয়াজ, কৈজুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক, মওলানা ছাইফ উদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুয়েল হোসেন, ভেড়াখোলা আমেনা খাতুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. লুতফর রহমান, সাতবারিয়া নুরুন্নাহার সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, পোতাজিয়া মাদ্রাসার সুপার মো. ফজলুল হক, আরও দুইজন শিক্ষক এবং গাড়িচালক মো. লালচাঁদ মিয়া।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শাহজাদপুরের শিক্ষা অঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও স্থানীয় ব্যক্তিবর্গ দোয়া ও সমবেদনা জানিয়েছেন।
দুর্ঘটনার কারণ এবং আহতদের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও হাসপাতাল সূত্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
আহত সকল শিক্ষকের দ্রুত সুস্থতা কামনা করছেন শাহজাদপুরবাসী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page