
খুলনা সিটি কর্পোরেশনে ডেঙ্গু প্রতিরোধে জরুরি মতবিনিময় সভা
মাসুম বিল্লাহ, খুলনা :
খুলনা মহানগরীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং প্রতিরোধ কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর স্বাস্থ্য বিভাগ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি তাঁর বক্তব্যে ডেঙ্গু সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, “পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী হাম-রুবেলা ক্যাম্পেইন এবং ঈদ-পরবর্তী পরিচ্ছন্নতা কার্যক্রমের সফলতার জন্য আমাদের ধন্যবাদ জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধেও আমরা সফল হতে চাই।”
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রতিটি সেক্টরকে অন্তর্ভুক্ত করে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ের ইমাম, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে দ্রুত কমিটি গঠনের জন্য ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া নগরীর প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় বিশেষজ্ঞগণ উল্লেখ করেন, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মশার কামড় থেকে সুরক্ষা পাওয়াই ডেঙ্গু প্রতিরোধের মূল উপায়। তাছাড়া বাড়ির ছাদে বা আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা।ফুলের টব, এসির পানির পাত্র নিয়মিত পরিষ্কার করা।দিনের বেলাতেও মশারি ব্যবহার করা।শিশুদের হাফপ্যান্টের পরিবর্তে ফুলহাতা কাপড় পরানো।ডেঙ্গু সন্দেহ হলে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ সেবন থেকে বিরত থাকা।প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. শেখ মো: মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা. মাহফুজা খানমসহ কেসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশন, ইমাম পরিষদ, পূজা উদযাপন পরিষদ এবং খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।
উল্লেখ্য, বর্ষাকাল ও তৎপরবর্তী সময়ে জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের ফলে মশাবাহিত এই রোগের প্রকোপ বৃদ্ধি পায়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন বর্ষা মৌসুমের আগেই এই জরুরি সভার আয়োজন করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page