
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নতুন প্রকল্প গ্রহণের দাবি জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের নিকট আবেদন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখা।
সম্প্রতি প্রেরিত এক আবেদনে বিএনপি কুষ্টিয়া জেলা শাখার নেতারা উল্লেখ করেন, কুষ্টিয়া-৩ সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত কুষ্টিয়া সদর, খোকসা, চৌড়হাস ও মেহেরপুর সংলগ্ন বিভিন্ন অঞ্চলে এখনও বহু গ্রামীণ সড়ক কাঁচা অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে এসব সড়কে পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় মোট গ্রামীণ সড়কের একটি বড় অংশ এখনও উন্নয়নের অপেক্ষায় রয়েছে। অনেক সড়ক, ব্রিজ-কালভার্ট ও হাট-বাজার অবকাঠামোর সংস্কার এবং পুনর্নির্মাণ জরুরি হয়ে পড়েছে। স্থানীয় জনগণের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে এসব অবকাঠামোর উন্নয়ন হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।
বিএনপি নেতারা দাবি করেন, পূর্বে গৃহীত একটি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পথে থাকায় নতুন সড়ক ও অবকাঠামো অন্তর্ভুক্ত করার সুযোগ সীমিত হয়ে পড়েছে। ফলে কুষ্টিয়া জেলার অনুন্নত এলাকাগুলোর উন্নয়নের স্বার্থে এলজিইডির আওতায় নতুন প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।
এ বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, নতুন প্রকল্প অনুমোদিত হলে কাঁচা রাস্তা, ব্রিজ-কালভার্ট ও হাট-বাজার উন্নয়নের মাধ্যমে এলাকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে।
স্থানীয় বাসিন্দারাও দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page